#305F00 Ekushe Journal | দেশবিরোধী কোনো অপতৎপরতা ছাড় দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

দেশবিরোধী কোনো অপতৎপরতা ছাড় দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৬ ২০১৯, ১৬:৫৪

একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী অপতৎপরতাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেওয়া হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪৯ বছর পরেও মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, যারা দেশটাই চায়নি তাদের রাজনীতি, তাদের আস্ফালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’’

পত্রিকায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে শহীদ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সাথে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।’

দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) ও জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই সে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’