#305F00 Ekushe Journal | উদ্বোধনের অপেক্ষায় আ’লীগের ২১তম জাতীয় সম্মেলন

উদ্বোধনের অপেক্ষায় আ’লীগের ২১তম জাতীয় সম্মেলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০১৯, ১২:০২

‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগান নিয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ (শুক্রবার)। বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের কাউন্সিল অধিবেশন শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের সম্মেলনে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। এ সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেটসহ ৪৫ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে যেমন বিমানবন্দর, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ও ব্যানারের মাধ্যমে অতিথি ও কাউন্সিলরদের স্বাগত জানানো হবে। সম্মেলনস্থলে নেতা-কর্মীদের প্রবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচটি গেট করা হয়েছে। একটি গেট ভিআইপিদের জন্য সংরক্ষিত।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলের এবারের সম্মেলনের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। এতে কাউন্সিলরের সংখ্যা সাড়ে সাত হাজার। সবমিলে ৫০ হাজারের বেশি নেতাকর্মী, সমর্থক সম্মেলনে সমেবেত হবেন বলে ধারণা।

৮১ সদস্য বিশিষ্ট কমিটির চারটি পদ শূন্য থাকায় মূল মঞ্চে চেয়ার থাকবে ৭৭টি। মঞ্চের সামনে নেতা-কর্মীদের জন্য চেয়ার থাকবে ৩০ হাজার। এ ছাড়া সম্প্রসারিত মঞ্চে ১৫ হাজার চেয়ার দেওয়া হবে। ২৮টি এলইডি পর্দায় দেখানো হবে সম্মেলনের পুরো অনুষ্ঠান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ অন্যসব পেশার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলন উপলক্ষে পাল্টে গেছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ এলাকায়। অপরূপ সাজে সাজানো হয়েছে গোটা এলাকায়। এর বাইরেও ঢাকা জুড়েই সম্মেলনের ছাপ রয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উত্তর-দক্ষিণমুখী করে সাজানো মূল মঞ্চটি দলীয় নির্বাচনী প্রতীক নৌকার আদলে করা হয়েছে। পদ্মানদীর বুকে ৪০টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু নিদর্শন রাখা হয়েছে মঞ্চে। পদ্মা সেতুর নিচে জলরাশিতে ভাসছে ছোট বড় নৌকা। একটি ছোট জাহাজও। একপাশে চর ও কাশবন।

এছাড়া সম্মেলনের শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য আওয়ামী লীগের কর্মীদের নিয়ে গঠিত দুই হাজার সদস্যের স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।