#305F00 Ekushe Journal | ৯ম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই

৯ম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২০ ২০১৯, ১৪:৩৮

সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত ‘লিভ টু’ আপিল দায়ের করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ ও অমিত তালুকদার। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও মো. ইউসুফ আলী।

এর আগে গত বুধবার নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত ৫ আগস্ট নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

ওই রিটের শুনানি নিয়ে ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।