#305F00 Ekushe Journal | সিলেট-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর ঐক্যের আহ্বান

সিলেট-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর ঐক্যের আহ্বান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৯ ২০২৫, ০১:১৫

গতকাল সোমবার ২৮ জুলাই ২০২৫ ইংরেজি ওসমানীনগরে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলী ‘স্বৈরাচারী শাসনের’ বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আফজল হোসাইনের যৌথ পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনতাসীর আলী এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মুহাম্মদ মুনতাসীর আলীর বক্তব্যের মূল বিষয়বস্তু
মুহাম্মদ মুনতাসীর আলী তাঁর বক্তব্যে খেলাফত মজলিসের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিনবিরোধী আন্দোলন এবং টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলন-এ খেলাফত মজলিসের রাজপথে থাকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “স্বৈরাচারের ১৫ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ৩৬ জুলাই। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও খেলাফত মজলিস সক্রিয় ছিল।”
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়ায় লিপ্ত, এটা দেশের জন্য মঙ্গল নয়। আমরা এ কাজ করব না। রাজনৈতিক দলগুলো কাদা ছোড়ায় লিপ্ত থাকলে ফ্যাসিস্টরা সুযোগ নেবে। ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য গড়া দরকার।”
মুহাম্মদ মুনতাসীর আলী আরও বলেন, “আমরা দলীয় কোন্দলে বিশ্বাসী নই। দলীয় কোন্দল দলের ভেতর বিভেদ তৈরি করে, কর্মী মারা যায়, এটা রাজনৈতিক সৌন্দর্য নয়। অনেক দল বালু পাথরের চেইন রক্ষা করতে দলীয় কোন্দলে জড়িত, এটা জাতির জন্য কল্যাণ আনবে না।” তিনি দেশের বর্তমান পরিবেশে “ডানপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী, রামপন্থীসহ সকল পন্থী বাদ দিয়ে বাংলাদেশপন্থী” হয়ে নির্বাচনে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এই নির্বাচনে সকল ইসলামী দল ভোট কেন্দ্রে “এক বাক্স” পাঠাতে চায়।


আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজে শরিক হবেন না। বিগত দিনের মতো কোনো দলের সভাপতির ভূমিকায় যেন আপনাদের দেখা না যায়। যদি এগুলা করেন তাহলে জনগণের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। বিগত ফ্যাসিস্টদের থেকে শিক্ষা নিন।”
অন্যান্য বক্তব্য ও কার্যক্রম
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা যুব মজলিসের সমাজকল্যাণ সম্পাদক কে এম রায়হান। এছাড়াও যুব মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল ইসলাম মাশকুর এবং ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল আহমদ বক্তব্য রাখেন।

উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ সালেহ আহমদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউর রহমান ও মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় ঘোষিত জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি র্যালি বের করে বাজার প্রদক্ষিণ করা হয়।