#305F00 Ekushe Journal | সাতক্ষীরার প্রথম করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা 

সাতক্ষীরার প্রথম করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৫ ২০২০, ১৪:১১

গাজী আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার প্রথম করোনা আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তিনি হচ্ছেন যশোরের শার্শা স্বাস্থ্য কেন্দ্রের ল্যব টেকনিশিয়ান মাহমুদুর রহমান সুমন। তার বাড়ি থেকে লকডাউন তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৫ মে) সকালে পুলিশ সুপার তাকে উপহার দিয়ে অভিনন্দন জানান। গত ২৬ এপ্রিল মাহমুদুর রহমান সুমনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগার সুমনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছিল। এরপর সুমনের বাড়িটি লকডাউন করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ইতোমধ্যে পরপর দুইবার সুমনের দেহে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। ফলে তাকে পরিপূর্ণ সুস্থ্য হিসেবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মাহমুদুর রহমান সুমনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে। তিনি শহরের উত্তর কাটিয়ায় থাকেন। তিনি আবার শঙ্কাহীন ভাবে স্বাভাবিক জীবন যাপন করবেন এমনটা আশা করেন পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য যে, এ পর্যন্ত সাতক্ষীরা থেকে তিন জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন আজ করোনা মুক্ত হলেন।