#305F00 Ekushe Journal | মোদিকে ফের প্রধানমন্ত্রী হিসেবে চায় আইএসআই

মোদিকে ফের প্রধানমন্ত্রী হিসেবে চায় আইএসআই

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩১ ২০১৯, ০৫:১৪

আগামী ১৯ মে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে দেশটির বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)।

পাকিস্তান-ভারত দুই দেশের সাবেক দুই গোয়েন্দাপ্রধান যৌথভাবে লেখা ‘দ্য স্পাই ক্রনিক্যালস’ নামক এক বইয়ে এ কথা বলা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

পাকিস্তান আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান এএস দুলাত যৌথভাবে এ বইটি লিখেছেন।

এই বইতে প্রতিবেশী চিরবৈরী এ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক, কাশ্মীর সংকট, কারগিল যুদ্ধ, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন নেভি সিলের অভিযান, কুলভূষণ যাদব গ্রেফতার, হাফিজ সাইদ, বুরহান ওয়ানীসহ অন্যান্য দ্বিপক্ষীয় নানা বিষয় তুলে ধরা হয়েছে।

আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানির মতে, উভয় দেশের আন্তঃসীমান্ত উত্তেজনা ও সংঘাত এখনই বন্ধ করা উচিত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর একটি সমাধান প্রস্তাবের কথা উল্লেখ করেন দুররানি। ভুট্টো বলেছিলেন, আপনি যা পাবেন তাই নিয়ে নিন।

ভুট্টোর এই প্রস্তাবের ভিত্তিতে উভয় দেশের কাজ করা উচিত বলে মনে করেন দুররানি। দুই দেশের উচিত সংঘাত থেকে সহযোগিতার দিকে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, ভুট্টোর প্রস্তাবগুলো খুবই ভালো ছিল। আমি জানি না কেন, তার এসব প্রস্তাবনা বাস্তবায়ন হয়নি।

দুররানি বলেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঝে শান্তি দেখতে চাইলে উভয় দেশের সরকারকে পেছনে ফিরতে হবে।

পাক এই সাবেক গোয়েন্দাপ্রধানের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আইএসআইয়ের কাছে অধিক পছন্দের।

কারণস্বরূপ তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন কট্টরপন্থী। এ কারণে তিনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। আর কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি ভারতকে ধ্বংস করতে পারে, যা পাকিস্তানের জন্য খুব পছন্দের।