#305F00 Ekushe Journal | মালয়েশিয়ার কথা বলে ১৪ রোহিঙ্গাকে শাহপরীর দ্বীপে নামিয়ে দিল প্রতারকরা

মালয়েশিয়ার কথা বলে ১৪ রোহিঙ্গাকে শাহপরীর দ্বীপে নামিয়ে দিল প্রতারকরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৭ ২০১৮, ০৪:৪২

টেকনাফে বিজিবি জওয়ানদের হাতে আটক ১৪ রোহিঙ্গা নারী-পুরুষ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। প্রতারক চক্র তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নামিয়ে দেয়।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল শাহপরীর দ্বীপের ঘোলারচর দক্ষিণপাড়া সাগরতীর থেকে মালয়েশিয়াগামী ওই ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। তাদের মধ্যে ৯ পুরুষ ও ৫ নারী।

বিজিবি জানায়, প্রতারিত এসব রোহিঙ্গা নারী-পুরুষ উখিয়ার থাইংখালী, বালুখালী, কুতুপালং, নয়াপাড়া, জামতলী ও কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত এবং তাদের নিবন্ধন কার্ড রয়েছে।

টেকনাফে অবস্থিত বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৫ ব্লকের মো. আইয়ুব আলী নামে এক দালাল (মোবাইল নম্বর-০১৮৫০-৪৮৮১৭৬) জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।

গত ২ নভেম্বর টেকনাফের কচুবনিয়া এলাকা দিয়ে তাদের নৌকায় তুলে সাগরে নিয়ে যায়। পরে সোমবার রাতে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকায় মালয়েশিয়া এসে গেছে তাদের নৌকা বলে নামিয়ে দেয়। পরে বিজিবির হাতে পড়ার পর তারা বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উদ্ধার ১৪ রোহিঙ্গা নারী-পুরুষকে মঙ্গলবার দুপুরে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

তারা হচ্ছেন- জামতলী ক্যাম্পের মৃত নুরুল আলমের ছেলে মো. ইয়াছিন (২২), বালুখালী ক্যাম্পের মো. সালামের ছেলে মো. ইসলাম (২৬), মৃত আব্দুল গফুরের মেয়ে বিবি খাতিজা (১৮), থাইংখালী শরণার্থী ক্যাম্পের মো. শফিকের ছেলে মো. খায়রুল আমীন (১৮), মোহাম্মদ আলীর ছেলে মো. রহিমুল্লাহ (১৬), মৃত ঈমান হোসেনের ছেলে মো. জাকের আহাম্মেদ (১৯), মো. আব্দুর রবের মেয়ে মোসাঃ নূর বাহার (১৮), সৈয়দ কালামের মেয়ে আনোয়ারা বেগম (১৮), কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আবুল কাশেমের ছেলে মো. ছাইদুল আমীন (১৯), মো. সুলতান (৪৫), মৃত কামালের ছেলে মো. ফরিদুল আলম (১৮), নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মো. হোসেন (১৭), কুতুপালং মধুরছড়া শরণার্থী ক্যাম্পের মৃত আবুল কাশেমের মেয়ে খোরশিদা (১৬), মো. নূর সালামের মেয়ে রফিজা (১৮)।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ জানান, দালালদের প্রতারণার এটি একটি পুরনো কৌশল। যখন টেকনাফ উপকূল দিয়ে রমরমা মানবপাচার চলত, তখন এ ধরনের ঘটনার কথা প্রায়ই শোনা যেত।