#305F00 Ekushe Journal | মানিকগঞ্জে নতুন করে আরও ৭৮ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে নতুন করে আরও ৭৮ জন করোনায় আক্রান্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১০ ২০২০, ২০:১৮

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জে নতুন করে আরও ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০৯। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। এদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন।

এ ছাড়া সিঙ্গাইর উপজেলার নয়জন, ঘিওরে ছয়, শিবালয়ে আট, হরিরামপুরে দুই, দৌলতপুরে সাত ও সাটুরিয়া উপজেলায় ছয়জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এতে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ৭০৯। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২৭ জন। বর্তমানে ১৮২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আটজন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। আর করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৮ জন।

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় কোভিডে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে প্রতি চারজনে একজন করে সুস্থ হয়েছেন।