#305F00 Ekushe Journal | ভুয়া ডাক্তার গ্রেপ্তার, হাসপাতাল বন্ধ

ভুয়া ডাক্তার গ্রেপ্তার, হাসপাতাল বন্ধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০১৯, ১৪:২৭

জেলার সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন এম হোসেন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে (২৫) গ্রেপ্তারের পর বন্ধ করে দেওয়া হয়েছে প্রাইভেট হাসপাতালটি।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকায় এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে ওই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছিলেন।

প্রেসক্রিপশনে তার নামের পাশে লেখা আছে এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস), এমসিএইচ (ডিএসএইচ) সিএমইউ, ডিএমইউ মেডিসিন গাইনী ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ও সনোলজিস্ট। জিজ্ঞাসাবাদে সব গুলো ভুয়া বলে স্বীকার করেছেন ফাহমিদা আলম।

নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে সনদ দেখতে চাইলে তিনি কোনো সনদ দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ফাহমিদা আলম আরো জানান, ‘ম্যাটস থেকে একটি ডিপ্লোমা কোর্স করে ওই হাসপাতালে আল্ট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে জাহির করেন

ফাহমিদা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এম হোসেন জেনারেল হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।