#305F00 Ekushe Journal | বিএনপিকে রেখেই সংসদে যাচ্ছে গণফোরাম!

বিএনপিকে রেখেই সংসদে যাচ্ছে গণফোরাম!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৫ ২০১৯, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ছাড়াই সংসদে যাচ্ছে গণফোরাম। এমনটিই ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

ড. কামাল হোসেন বলেন, ‘এটা তাদের দুজনের অর্জন। আমরা সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে ইতিবাচকভাবে চিন্তা করবো। সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব। আমার নিজের ধারণা, সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি ঠিকই কিন্তু আমাদের প্রার্থীরা বিরোধী দল থেকে জয়লাভ করেছেন। এটা তাদের জন্য অনেক বড় অর্জন। যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছেন এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আমি আবারও বলছি তাদের সংসদ যাওয়ার বিষয়ে আমার চিন্তাধারা ইতিবাচক।’

সংসদে যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ঐক্যফ্রন্টের দ্বিধা-বিভক্তি হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের মধ্যে এমন কিছু হবে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সাত আসনে জয় পায়। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দুই আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ পাঁচজন নির্বাচিত হন। বিএনপির এ পাঁচজনকে রেখেই গণফোরামের দুই সদস্য এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিলেন ড. কামাল।