#305F00 Ekushe Journal | বরযাত্রীর গাড়ি আটকে ২৯ জনকে আটক

বরযাত্রীর গাড়ি আটকে ২৯ জনকে আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৬ ২০১৮, ১১:০৪

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাস আটকে ২৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার মুন্সীখোলা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, মুন্সীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রিজার্ভ করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে তাদের আটক করা হয়। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ সদর থানা এলাকায়। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

তবে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঐক্যফ্রন্টের সমাবেশে নয়, বাস রিজার্ভ করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ফতুল্লার মুন্সীখোলা চেকপোস্ট এলাকায় পৌঁছালে বাস আটকে তাদের আটক করে পুলিশ। তারা মুন্সীগঞ্জ থেকে বরযাত্রী হিসেবে ঢাকার খিলগাঁওয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন- বাদল মিয়া, আবু তাহের, জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, শামীম, সালামত গাজী, সানাউল্লাহ, রবিউল আউয়াল, শিবলী আহম্মেদ, জসিম উদ্দিন, হাবিব, শানু মিয়া, সাহেব আলী, মিজানুর রহমান, সুলতান আহম্মেদ, উজ্জল, মামুন আহম্মেদ, সাগর, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, ওসমান গনি, বজলুর রহমান, রিপন শেখ, ওয়াজ করুনী, কামাল হোসেন, আমিনুল ইসলাম, হাসানুল ইসলাম বাপ্পী, ফয়সাল ও মিন্টু।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলী বলেন, ফতুল্লার মুন্সীখোলা চেকপোস্ট এলাকায় একটি বাসে যাত্রী দেখে সন্দেহ হলে গতিরোধ করা হয়। পরে বাসে থাকা ২৯ জন যাত্রীকে আটক করা হয়। তারা বরযাত্রী হিসেবে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বললেও তাদের পোশাকে তা বোঝা যায়নি। তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ সদর থানা এলাকায়। আমাদের ধারণা, জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকায় সমাবেশে যাচ্ছিল তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।