#305F00 Ekushe Journal | নৌপথে খাদ্য ও পণ্য পরিবহন সচল থাকবে

নৌপথে খাদ্য ও পণ্য পরিবহন সচল থাকবে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২২ ২০২০, ১৫:৫২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখতে নৌ-কর্মকাণ্ড সচল থাকবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (২২ এপ্রিল) করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কার্গো হ্যান্ডলিং বিষয়ে কার্গো ভেসেল মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ-কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কার্গো ভেসেল মালিক এবং কন্টেইনার শিপ মালিকদের সহযোগিতা কামনা করছি। শ্রমিকদের জীবন হুমকির মুখে ফেলা যাবে না। তাদের যথাযথ সুরক্ষা দিয়ে কর্মকাণ্ড সচল রাখা হবে। কার্গো ভেসেলের মালিকরা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবে। আমরা মালিকদের বিষয়গুলো দেখব। মালিকদের প্রণোদনার বিষয়টি সরকারকে অবহিত করা হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, কার্গো ভেসেল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জি এম সরওয়ার এবং কন্টেইনার জাহাজ মালিক সমিতির সহ-সভপতি শেখ মাহফুজ হামিদ এবং নৌপুলিশের ডিআইজি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংকটে দেশের মানুষের সাথে থাকা দেশপ্রেমিকের পরিচয়। কার্গো ভেসেল মালিক, কন্টেইনার শিপ মালিক এবং নৌপুলিশের সহযোগিতায় অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন অব্যাহত থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জীবন থেমে থাকবে না। জীবন চলাচলের পদ্ধতির পরিবর্তন করতে হবে। গত এক মাসে আমাদের জীবন পরিচালনায় অনেক পরিবর্তন এসেছে। বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে চলতে হবে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও চলতে হবে।