নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত তিন শতাধিক, মৃত্যু ২৪
একুশে জার্নাল
এপ্রিল ১৮ ২০২০, ১৪:১৩
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডাঃ জাহিদুল ইসলাম ১৮ এপ্রিল শনিবার সকাল ৮.০০ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত চব্বিশ ঘণ্টায় জেলায় মোট ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,যার মধ্যে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে ৪০ জনকে করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৩০১ জনের পজেটিভ এসেছে। এবং জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোন মারা যায়নি, আক্রান্ত ৮ জন। বন্দরে আক্রান্ত ২৩ জনের মধ্যে মৃত্যুবরণ করেছে ৪ জন। সিটি করপোরেশন এলাকায় ২১৮ জন আক্রান্তের মধ্যে ১৩ জন মৃত্যু বরণ করেছে।সদর উপজেলায় ৪৪ জন আক্রান্তের ৬ জন মারা গেছে। সোনারগাঁওয়ে আক্রান্ত ৩ জন, কোন মৃত্যু নেই। এবং পুরো জেলায় সুস্থ হয়েছে ৯ জন।


