#305F00 Ekushe Journal | তারেক জিয়ার ইস্যু নিয়ে এবার আদালতে যাবে আওয়ামীলীগ

তারেক জিয়ার ইস্যু নিয়ে এবার আদালতে যাবে আওয়ামীলীগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২০ ২০১৮, ১৪:৫১

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক জিয়া একজন যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। তিনি বিদেশ থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন এটা হতে পারে না।

আজ ২০ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেকের বিদেশ থেকে স্কাইপে কথা বলার বিষয়ে আমরা ইসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। তাদের যেহেতু আরপিও অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। আকাশপথে তারেক রহমানের বক্তব্য ঠেকাতে ইসির কাছে যেহেতু কোন মিজাইল নেই ফলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।আর বিষয়টির যদি সেখানেও সমাধান না হয় তাহলে আমরা আদালতে যাবো।

তিনি বলেন, তারেক রহমানের অনলাইনে বক্তব্য সাইবার অপরাধ হতে পারে। একজন সাজাপ্রাপ্ত আসামি এটা করতে পারে না। তিনি একজন ফেরারি আসামি হয়ে বিদেশ থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন এটা কীভাবে হয়।

তিনি আরো বলেন, স্কাইপি অ্যাপ বন্ধের বিষয় টা তো বিটিআরসির। তারা তো দেশের সীমানার বাইরে আকাশপথে যুদ্ধ করবে না। দেশের ভেতরে থেকে কেউ এমন প্রচারণা চালালে সে বিষয়ে তারা ব্যবস্থা নিতে পারে। দেশের ভেতরের বিষয়ে হয়তো তারা এ ধরণের ব্যবস্থা নিয়েছে।