#305F00 Ekushe Journal | ভারতের জমিয়ত থেকে মাহমুদ মাদানীর পদত্যাগপত্র চেয়ারম্যানের নির্দেশে স্থগিত

ভারতের জমিয়ত থেকে মাহমুদ মাদানীর পদত্যাগপত্র চেয়ারম্যানের নির্দেশে স্থগিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৭ ২০১৯, ১২:৫৫

আবির আবরার: গতকাল বুধবার ভারতের সবচেয়ে পুরাতন ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ-এর জেনারেল সেক্রেটারি, সাবেক পার্লামেন্ট মেম্বার মাওলানা মাহমুদ মাদানী জমিয়ত উলামায়ে হিন্দ থেকে পদত্যাগ করেছেন৷ জমিয়তের সভাপতি মাওলানা ক্বারী উসমান মানসুরপুরী বরাবর জমিয়তের অফিসিয়াল প্যাডে লিখিত উক্ত পদত্যাগনামার নিচে মাওলানা মাহমুদ মাদানীর সাক্ষর রয়েছে৷

জমিয়তে উলামায়ে হিন্দ সূত্র জানায়, চিঠিতে মাওলানা মাহমুদ আসাদ মাদানী জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যানের উদ্দেশে লিখেছেন, ‘যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার নিকট আমি আমার অক্ষমতা প্রকাশ করছি। আমার বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে আমি আমার সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করছি।’

জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলেও জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান মাওলানা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর নির্দেশে বৃহস্পতিবার পদত্যাগ পত্রটি স্থগিত করা হয়।

জমিয়তে উলামায়ে হিন্দের অফিস সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জমিয়তে উলামা হিন্দের মজলিসে আমেলায় এব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। মজলিসে আমেলা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সাইয়্যিদ মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদের দায়িত্ব যথাযথ পালন করবেন বলে জানা যায়।

অপরদিকে মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগের বিষয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন৷ ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরণের বিশ্লেষণই হচ্ছে তার পদত্যাগকে কেন্দ্র করে৷ তবে ইতিবাচক বা নেতিবাচক যে কোন ধরণের আলোচনাই হোক না কেন, মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগ জমিয়তের জন্য এবং ভারতের বর্তমান মুসলিম সমাজের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে তাতে কোন সন্দেহ নেই৷

প্রসঙ্গত, ২০০১ সালে মাওলানা মাহমুদ আস’আদ মাদানী হিন্দ জমিয়তের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। পরবর্তী সমস্ত কাউন্সিলে তিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়্যেদ আস‘আদ মাদানীর ছেলে। তার বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও সৃজনশীল কর্মপন্থায় ভারতীয় মুসলমানরা এক অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। মাহমুদ মাদানির রাজনৈতিক দূরদর্শিতা ভারতের সর্বমহলে স্বীকৃত। তার আন্তঃধর্মীয় সম্প্রীতি, মত পথ ভুলে এক কাতারে সবাইকে নিয়ে চলার মানসিকতা ও উদ্যোগ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।