#305F00 Ekushe Journal | ছিনতাইয়ের কবলে পুলিশের গাড়ি

ছিনতাইয়ের কবলে পুলিশের গাড়ি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২২, ২০:২৫

প্রতীকি ছবি

ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে যায়


ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে বগুড়া পুলিশের একটি টিম।

এ সময় ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে যায়।

বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল। তিনি জানান, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেলার কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। তবে এ বিষয়ে কিছুই জানে না পশ্চিম থানা পুলিশ।

এই বিষয়ে এসপি আরিফুর রহমান মণ্ডল বলেন, এটিও দেখবো। রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল, সেটিও খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার বলেন, এমন কোনও ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। ঘটেছে কিনা তাও জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত। এর বাইরে কোনও ঘটনা ঘটলে সেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার।