#305F00 Ekushe Journal | ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না: জিএম কাদের

ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না: জিএম কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৬ ২০২১, ১৫:১০

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবেনা। তিনি বলেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সাথে চলেনা।

আজ শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এটা মানতেই হবে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকেনা। প্রতিদিন আয় করেই, প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের।

এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইন শৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।