#305F00 Ekushe Journal | কাশ্মীরে ১৪৪ ধারা জারি ; পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, নিহত ১

কাশ্মীরে ১৪৪ ধারা জারি ; পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, নিহত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০১৯, ১৭:৩৯

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যতই বড় মুখ করে বলুন কেন কাশ্মীর স্বাভাবিক আছে। বাস্তব কিন্তু তা বলছে না। ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীরের শ্রীনগরে দফায় দফায় বিক্ষোভ-মিছিল ও পুলিশ-সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা চলছে। এতে বিক্ষোভকারী এক কাশ্মীরি নিহত ও অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। খবর লেটেস্ট লি’র।

৩৭০ ধারা বাতিলে কী পাওনা হল আর কী খোয়া গেল তা বোঝার আগেই ১৪৪ ধারার বাঁধনে উপত্যাকার বাসিন্দাদের দম বন্ধ হয়ে আসছে। আচমকা টেলিফোন পরিষেবা, টিভি, ইন্টারনেট বন্ধ হওয়াতে বাসিন্দারা বুঝতে পেরেছিল বড়সড় কিছু ঘটতে চলেছে। কেননা তার আগাম পূর্বাভাস হিসেবে উপত্যকা জুড়ে সেনার সমাগম আতঙ্ক বাড়িয়ে দেয়।

৪৮ ঘণ্টা পরও প্রশাসনের তরফে খোলসা করে বলা হয়নি কাশ্মীরে কী ঘটছে বা ঘটতে চলেছে। স্পেশ্যাল স্টেটাস হারিয়েছে কাশ্মীর, এই তথ্যই যে তাদের কাছে পৌঁছায়নি। এদিন দমবন্ধ পরিস্থিতি কাটাতে ১৪৪ ধারা অগ্রাহ্য করে রাস্তায় নেমে পড়লেন বাসিন্দারা। এ দিন দফায় দফায় বিক্ষোভ-মিছিল হয়েছে শ্রীনগরে। পুলিশ-সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে একাধিক দলের।

পুলিশ সূত্রে খবর, একটি দলের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তার মধ্যেই এক জনকে তাড়া করে পুলিশ। সেই তাড়া খেয়েই ঝিলম নদীতে ঝাঁপ দেন ওই যুবক। পরে তার মৃতদেহ উদ্ধার হয়। ওই সংঘর্ষে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৬ জনের দেহে গুলির ক্ষত রয়েছে। এ ছাড়া আহত অনেকে। এদিন অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করলেও সেই তালিকায় উপত্যকার বিশিষ্ট কোনও রাজনৈতিক নেতা রয়েছেন কি না তানিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা গ্রেফতারের বিষয়টি মেনে নিয়েছেন।