#305F00 Ekushe Journal | এবার পাবনায় পাটকাঠির কারখানায় অগ্নিকাণ্ড

এবার পাবনায় পাটকাঠির কারখানায় অগ্নিকাণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২২, ০০:৫৫

পাবনার বেড়া উপজেলায় একটি পাঠকাঠির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে রবিবার এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখেরও বেশি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রবিবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কারখানাটিতে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চীনে রফতানি করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা আগুনে ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।