ঈদের দিন সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন ওলামাদলের সভাপতির মৃত্যু
একুশে জার্নাল
এপ্রিল ০১ ২০২৫, ১১:১৩
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ওলামা দলের সভাপতি, আলগী ইউনিয়ন ওলামা কল্যাণ পরিষদের সদস্য ও ঝাটুরদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মো. ইয়াকুব আলী দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)
সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ঘাতক মোটরসাইকেল তাকে সজোড়ে ধাক্কা দেয়, এতে তার মাথা ও পা মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।
অন্যদিকে বাবার জন্য অপেক্ষা করছিল ৮ ও ৫ বছর বয়সী দুই ছেলে কখন বাবা আসবে। ঈদের দিন বাবার সাথে সময় কাটাবে তারা। কিন্ত দুই শিশুর অপেক্ষা নিষ্ঠুর নিয়তির কাছে হার মানে। বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ কেড়ে নেয় মাওলানা ইয়াকুব আলীর।
সে উপজেলার আলগী ইউনিয়নের শুকনী গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে। তিনি ঝাটুকদিয়া বাজারে একটি জুতার দোকান চালাতেন।

তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা থেকে ফরিদপুর পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রাইম হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপরে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন বলে তার চাচাতো ভাই মো. মশিউর রহমান জানান।
মাওলানা ইয়াকুব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাযা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।


