#305F00 Ekushe Journal | ইসলামি বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা

ইসলামি বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১০ ২০২১, ০০:২৭

কওমি মাদ্রাসাভিত্তিক ওয়াজ মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী এ তথ্য জানান।

উল্লেখ্য- মাওলানা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ এ সংগঠনের উদ্যোক্তা হিসেবে কওমি ঘরানায় পরিচিত।

সংগঠন সূত্রে জানা গেছে, রাবেতাতুল ওয়ায়েজিনের নেতারা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে ‘ধর্মীয় আলোচক, মুফাসসির ও বক্তাদের’ অরাজনৈতিক সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা করেন। আজ এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন। দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

এতে বলা হয়, যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনও ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (পীর, দেওনা) ও সকল সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’র নাম পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামকরণ করা হয়। সংগঠনটির পুরনো কমিটি ভেঙে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও মাওলানা হাসান জামিলকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়। বক্তাদের সুসংগঠিত করার পেছনে বর্তমানে কারাবন্দি মাওলানা মামুনুল হক ভূমিকা রেখেছিলেন বলে সংগঠনের নেতারা জানান। তিনি বিলুপ্ত কমিটির উপদেষ্টার দায়িত্বে ছিলেন।