#305F00 Ekushe Journal | আলোচিত সেই মুফতি রুহুল আমিন নৌকার মনোনয়ন পাননি

আলোচিত সেই মুফতি রুহুল আমিন নৌকার মনোনয়ন পাননি

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৭ ২০১৮, ০০:২৪

একুশে জার্নাল ডেস্ক: আলোচিত সেই মুফতি রুহুল আমিন আওয়ামীলীগের মনোনয়ন চেয়েও পাননি। যিনি শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ায় কওমী আলেমদের একটি বড় অংশের তোপের মুখে পড়েন।

আরও পড়ুন: বায়তুল মোকাররামে খতিব হিসেবে নিয়োগ পেলেন মাওলানা রুহুল আমিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়াম লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে নড়াইল-১ আসনে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীনসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সোমবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি কবিরুল হক মুক্তি। ফলে মুফতি রুহুল আমীন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমীন বলেন,‘বঙ্গবন্ধুকন্যা আপনি স্বীকৃতি দিয়েছেন, সবকিছু উপেক্ষা করে। অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তার জবাব দিয়েছেন। ১৪ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি (শেখ হাসিনা) পালন করেছেন। আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এ উপাধি দিলাম।”

তবে পরবর্তীতে এই ‘উপাধি’ একান্তই মুফতি রুহুল আমিনের ব্যক্তিগত মত বলে ক্বওমী উলামাগণ জানিয়েছিলেন।