#305F00 Ekushe Journal | অবশেষে সেই বদ কর্মকর্তার বিষয়ে মুখ খুললো কুয়েতের বাংলাদেশ দূতাবাস

অবশেষে সেই বদ কর্মকর্তার বিষয়ে মুখ খুললো কুয়েতের বাংলাদেশ দূতাবাস

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১০ ২০১৯, ১৬:৫২

একুশে জার্নাল আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে দূতাবাসের এক কর্মচারী নির্যাতনের শিকার হয়েছেন প্রবাসী এক বাংলাদেশি শ্রমিক। গত ২ সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ হয়ে দূতাবাস ভবনের ভিতরে পানি খেতে যাওয়া ওই যুবককে ক্রমাগত ধমকানো, তার কাগজপত্র ও মোবাইল কেড়ে নিয়ে বের করে দেওয়া হয়। নির্যাতনের এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

দূতাবাসের প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়; গত কয়েকদিন যাবত বাংলাদেশি প্রবাসীর সঙ্গে বাংলাদেশ দূতাবাস কুয়েতের নিরাপত্তা বিষয়ক স্টাফের বাদানুবাদ ও অসদাচরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কুয়েত ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টাফের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে।

কুয়েত অবস্থানকারী সকল বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস নতুন স্থানে হওয়ায় সমস্ত কাজ স্থাপন করতে পারে নাই। তাই প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করতে কিছুটা সময় লাগবে। এসময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। সকলকে জানানো যাচ্ছে যে, প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে জানা গেছে,প্রবাসীরা দূতাবাসের এই লিখিত কেবল বিজ্ঞপ্তি ও’তদন্ত’ করার আশ্বাসে বিশ্বাস রাখছেন না। তারা চান প্রবাসীদের দাবীকে গুরুত্ব দিয়ে দ্রুত সেই কর্মকর্তাকে বহিস্কার করে দেশে পাঠিয়ে শাস্তির ব্যাবস্থা করা, অন্যথায় এসব বদ কর্মকর্তাদের জন্য বিদেশের মাঠিতে প্রবাসীরা শান্তি পাবে না।

তারা ক্ষোভের সাথে জানান,যেখানে এই কর্মকর্তার অপরাধের ভিডিও বিশ্বের কোটি কোটি বাংলাদেশিরা দেখেছেন স্যোসাল মিডিয়ায়, সেখানে তদন্তের নামে সময় ক্ষেপণ করা ওই কর্মকর্তাকে রক্ষা করার কৌশল নয় কি?